বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ফার্নেস অয়েলের লিটারপ্রতি দাম ১১ টাকা ৯২ পয়সা বৃদ্ধি পেয়ে এখন ১০৮ টাকা ৭৮ পয়সায় দাঁড়িয়েছে। এর আগে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ৯৬ টাকা ৮৬ পয়সা।
বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন দাম বুধবার রাত ১২টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্তের পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করেছে কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গত ২২শে ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯শে আগস্ট থেকে ২৮শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনা করা হয়েছে। বিইআরসি আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের এই মূল্য সমন্বয় করা হয়েছে।