রাজধানীর মিরপুরে শাহ আলীতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে দলের ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ঢাকা মহানগর উত্তর এবং ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট দল ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হলেও কমিটি বিলুপ্তির সুনির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
একই দিনে পৃথক বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কারের কথা জানানো হয়। অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দফতরের দায়িত্বে থাকা মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। অন্যদিকে ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্তির কথা জানানো হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাত্রদলের পৃথক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পাঁচজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। তারা হলেন—ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এছাড়া দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি শ্রমিক দলের চারজন নেতাকেও সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ। শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।