এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে পণ্ড হয়েছে। কোনো ম্যাচেই টস করার সুযোগ মেলেনি। শেষ আটে প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আজ বৃহস্পতিবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল পাকিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে, সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় প্রশ্ন উঠেছিল, বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল আদৌ মাঠে গড়াবে কি না। তবে জাপানের নাগোয়ার আবহাওয়ায় আজ কিছুটা স্বস্তির বার্তা মিলেছে। সকালে আকাশে রোদ ওঠায় করোগি অ্যাথলেটিক পার্কে বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করার সুযোগ পেয়েছে। যদিও করোগি স্পোর্টস পার্কের ক্রিকেট মাঠ এখনো পুরোপুরি শুকায়নি। জাপানে আসার পর আজই প্রথম রোদের দেখা পাওয়ায় বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি বেশ আশাবাদী। তিনি বলেন, জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।
বৃষ্টির কারণে জাপানে এসে সেভাবে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ। অথচ প্রস্তুতি ও ফোকাস ধরে রাখতে নিয়মিত অনুশীলন গুরুত্বপূর্ণ। রাব্বি জানালেন, মাঠের অনুশীলন না হলেও তারা নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছেন। তিনি বলেন, প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।
তবে সেমিফাইনাল নিয়ে বৃষ্টির বিপদ এখনো কাটেনি। নিয়ম অনুযায়ী, সেমিফাইনালেও যদি বৃষ্টির কারণে ম্যাচ কিংবা সুপার ওভার শেষ না হয়, তাহলে শীর্ষ বাছাইয়ে থাকা দল ফাইনালে উঠবে। এই হিসাবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এগিয়ে আছে। এমনকি ফাইনাল ম্যাচটিও যদি ওয়াশআউট হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলই স্বর্ণপদক জিতবে। বলা যায়, ক্রিকেটের বাকি ম্যাচগুলোও যদি বৃষ্টির কারণে পণ্ড হয়, তবে ভারতই চ্যাম্পিয়ন হবে।
অন্যদিকে, সকাল ১০.৩০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।