প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় কর্মসূচিতে অংশ নিতে ফেনীর উদ্দেশে যাত্রা করেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তিনি গুলশানের বাসভবন থেকে বের হন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, একদিনের এই সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা করবেন।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরবর্তীতে দুপুর সোয়া ১টায় তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মানী হস্তান্তর করা হবে।