বলিউড অঙ্গনের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত তারকা আড্ডার অনুষ্ঠান ‘কফি উইথ করণ’ নিয়ে এলো দুঃসংবাদ। দীর্ঘ ২২ বছরের দীর্ঘ পথচলার ইতি টানতে যাচ্ছেন এই অনুষ্ঠানের সঞ্চালক ও বলিউড নির্মাতা করণ জোহর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় করণ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুষ্ঠানটির আসন্ন নবম সিজনই হতে যাচ্ছে এর শেষ সিজন। বিদায়বেলার এই ঘোষণা দিতে গিয়ে করণ বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, কিছু সফর নির্দিষ্ট পরিকল্পনা করে শেষ করতে হয় না, তবে একটা সময় আসে যখন অন্তরের গভীর থেকে অনুধাবন করা যায়, বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। আলবিদা বলাটা অত্যন্ত আবেগের হলেও, আমার মনে হচ্ছে এখনই সঠিক সময়।

তিনি আরও যোগ করেন, এই শেষ মৌসুমে তার একমাত্র উদ্দেশ্য হলো অন্তরের সবটুকু কৃতজ্ঞতা ও ভালোবাসা নিয়ে শেষবারের মতো তাদের সঙ্গেই কফির কাপটা তুলে ধরা, যারা ‘কফি উইথ করণ’-কে আজকের এই অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

বিদায়ের এই মুহূর্তে করণ জোহর অতীতের স্মৃতিচারণও করেছেন। তিনি জানান, ২০০৪ সালে তার বাবা যশ জোহরের কাছে প্রথম এই আড্ডাভিত্তিক অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিকল্পনা ছিল দুজন তারকাকে মুখোমুখি বসিয়ে তাদের সঙ্গে খোলামেলা গল্প করার। তখন ছেলের এমন ভাবনা শুনে বাবা হেসে প্রশ্ন করেছিলেন, বন্ধুদের ডেকে শুধু গল্প করলেই তার জন্য কে টাকা দেবে?

২০০৪ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি এখন পর্যন্ত আটটি সিজনে ১৬১টি পর্ব প্রচার করেছে। দীর্ঘ এই যাত্রায় বলিউডের অসংখ্য তারকা অতিথি হিসেবে অংশ নিয়েছেন। এবার নবম সিজনের মধ্য দিয়ে সেই দীর্ঘ পথচলার সমাপ্তি টানতে যাচ্ছেন করণ জোহর। দর্শকদের জন্য শেষবারের মতো তারকাদের নিয়ে কফির আড্ডার জমজমাট অধ্যায় সাজাচ্ছেন তিনি। আগামী ১৪ অক্টোবর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিও হটস্টার’-এ এই সিজনের স্ট্রিমিং শুরু হবে।