যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষককে পদাবনতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সভায় শিক্ষকদের পদাবনতির বিষয়টি অনুমোদন করা হয় এবং বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, পদাবনতি পাওয়া শিক্ষকদের মধ্যে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে নামিয়ে আনা হয়েছে। এছাড়া ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেনকে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিবুল ইসলামকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গত বছরের ১৯ এপ্রিল রাতে, যখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম ও একজন ছাত্রীর মেসেঞ্জারে কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। ওই ছাত্রী শুরুতে পরিচয় গোপন রেখে স্ক্রিনশটগুলো প্রকাশ করেছিলেন। পরবর্তীতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি নিয়ে বিস্তারিত পোস্ট দেন তিনি। ওই পোস্ট ও কথোপকথনের স্ক্রিনশটগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ১৭ এপ্রিল ওই ছাত্রী অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে পরীক্ষার খাতায় নম্বর পরিবর্তন এবং তাকে হুমকি দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিলেন।