সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে সংসদ সচিবালয়। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় সংসদের ৩২৩ নম্বর (মহিলা আসন-২৩) আসনটি সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখ থেকেই শূন্য হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। এই ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে সরকারপ্রধান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন।