ভোলার মনপুরা উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুল আলম শাহীন সভাপতিত্ব করেন। পুরো অনুষ্ঠানস্থলে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা বাড়তি আনন্দ যোগ করে।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজজীবনের নতুন অধ্যায়কে সাফল্যমণ্ডিত করতে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা থানার ওসি মো. মাজহারুল ইসলাম সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামসুদ্দিন আহমেদ মোল্লা, হাজীর হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিজানুর রহমান পলাশ এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান শিরিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরামুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কলেজের শিক্ষক, কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।