সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় একটি সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলো থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, এটি দেশের প্রথম সরকারি রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প। তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা নিয়ে এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। যদিও প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি, তবে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, এটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে।
নেট মিটারিং ব্যবস্থার আওতায় এই প্রকল্পের বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসানো হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলায় উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ভবন ও জেলা পরিষদ ডাকবাংলোসহ ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার প্যানেল স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফেনী সফরের অংশ হিসেবে এর আগে প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন করেন এবং ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও তার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী প্রদানের কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা ছিল।