রাজধানীর গুলশানে ‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে এগুলো সিলগালা করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিকভাবে ওয়্যারহাউসগুলোতে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য সেগুলো সিলগালা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের একটি আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর ফেসবুক লাইভে এসে বিভিন্ন অভিযোগ করেন সালমান। পরবর্তীতে জমি দখল ও পূর্বশত্রুতার জেরে এই হামলার কথা উল্লেখ করে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, এ মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত বুধবারের মধ্যে তার ব্যাংক হিসাব ও লেনদেনের যাবতীয় তথ্য বিএফআইইউতে জমা দিতে সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছিল।