ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে শুক্রবার বড় ধরনের উত্তেজনা দেখা দেয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের কর্মীরা পুলিশের বাধার মুখে পড়েন।

বিক্ষোভকারীরা মিছিল নিয়ে অশোক রোড হয়ে জন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা জারি করা হয়েছে, যার মাধ্যমে অনুমতিহীন যেকোনো ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনায় আম আদমি পার্টির (এএপি) নেত্রী আতিশী, সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজসহ ৫০০-র বেশি ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে দ্য ইকোনমিক টাইমসের তথ্যানুযায়ী, আটককৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।