কুড়িগ্রাম সদর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অন্তঃউপজেলা বদলির একটি বিতর্কিত আদেশ স্থগিত করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে। এই আদেশ জারির পরপরই অভিযোগ ওঠে যে, রাজনৈতিক চাপ ও অর্থ বাণিজ্যের মাধ্যমে নীতিমালার তোয়াক্কা না করে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, কমিটির মাধ্যমে প্রাপ্যতা নেই এমন ৮ জন শিক্ষককে বদলির সুযোগ করে দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত অনিয়ম নিয়ে গত বৃহস্পতিবার আমার দেশ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা কমিটি নড়েচড়ে বসে এবং সিদ্ধান্তটি পুনর্বিবেচনার উদ্যোগ নেয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দীক জানান, বদলির আদেশটি আপাতত স্থগিত রাখা হয়েছে এবং ইউএনও তাকে মৌখিকভাবে এই নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, বড় ধরনের অনিয়মের অভিযোগ তিনি অস্বীকার করছেন না এবং ব্যক্তিগতভাবে তিনিও এই আদেশ বাতিল চেয়েছেন। শিক্ষা কর্মকর্তা আরও বলেন, তাকে উপর থেকে প্রস্তুতকৃত একটি তালিকা দিয়ে স্বাক্ষর করতে বলা হয়েছিল এবং তিনি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন।
ইউএনও মাহমুদুল হাসান জানান, আগামী সোমবার (৫ অক্টোবর) কমিটির পুনরায় সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় পরোক্ষ ও প্রত্যক্ষ সব ত্রুটি-বিচ্যুতি দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।