ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চরফারুকী সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার সকালে দক্ষিণ আইচা থানার এই সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয়রা জানান, ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল, কিন্তু এরপর থেকে আর কোনো সংস্কারকাজ করা হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় এটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে।

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সড়কটি বেহাল হওয়ার কারণে শিক্ষার্থী, রোগী ও কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ বহুগুণ বেড়ে যায়। দীর্ঘ সময় ধরে জনদুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে তারা অভিযোগ করেন।

মানববন্ধনে মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের ও মাওলানা আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘদিনের অবহেলার কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, যা জনদুর্ভোগ নিরসনে দ্রুত সংস্কার করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সংস্কারকাজ শুরুর দাবি জানান।

এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি পরিষদের বিবেচনায় রয়েছে এবং ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।