যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ভয়াবহ গণহত্যার মূল কারিগর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে, যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজা উপত্যকায় গণহত্যা এখনো অব্যাহত রয়েছে।
একটি পডকাস্ট অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মামদানি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু যখন নিউইয়র্ক সফর করেছিলেন, তখন তাকে গ্রেপ্তার না করার সিদ্ধান্তটি ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের। নেতানিয়াহু সম্পর্কে তিনি বলেন, যখনই তার কথা বলা হয়, তখন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত এক ভয়াবহ গণহত্যার মূল কারিগরের কথাই সামনে আসে।
গত সপ্তাহে নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবনে কিছু ফিলিস্তিনি পরিবারের আতিথেয়তা করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, সেখানে তিনি তাদের জীবন ভেঙে পড়ার মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনেছেন। মামদানির মতে, ফিলিস্তিনিরা মূলত সব মানুষের মতোই স্বাভাবিক জীবন, নিরাপত্তা এবং মর্যাদা চান।
এ সময় তিনি ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, যুক্তরাষ্ট্র সরকার শুধু ফিলিস্তিনিদের অধিকার থেকে বঞ্চিত হতে দেখছে না, বরং এই পুরো প্রক্রিয়ায় আর্থিকভাবেও সমর্থন জোগাচ্ছে।