রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ফুয়াং ক্লাবে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজস্ব বিভাগ। শনিবার (৩ অক্টোবর) বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূল্যসংযোজন কর)। ক্লাবটির মালিক কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তেজগাঁওয়ের এই ফুয়াং ক্লাব ও বারের মালিক শেখ নূর ইসলাম। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের জেরে ২০১৯ সালেও এই ক্লাবে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শনিবারের এই নতুন অভিযানের সুনির্দিষ্ট কারণ কিংবা এখন পর্যন্ত সেখান থেকে কী উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দক্ষিণ গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুল্কমুক্ত মদ অবৈধভাবে মজুত করার অভিযোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে ওই অভিযান পরিচালনা করে। ওই অভিযানে শেখ নূর ইসলামের চারটি গুদাম সিলগালা করা হয়েছিল, যার মধ্যে দুটি গুদাম বৈধ ছিল।