বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান’ ও ‘ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া’ (এনসিপিআই) যৌথভাবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভের অংশ হিসেবে দুই সংগঠনের নেতা-কর্মীরা কলকাতার শিয়ালদহ রেলস্টেশন থেকে একটি মিছিল বের করেন। এই কর্মসূচিতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন। মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে অগ্রসর হতে থাকলে প্রায় ৩০০ গজ দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়।

এ সময় আন্দোলনকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কলকাতা পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই উত্তেজনাকর পরিস্থিতির কারণে বাংলাদেশ মিশন সংলগ্ন এলাকায় সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পুলিশ বিক্ষোভকারীদের মিশনের মূল ফটকের সামনে যেতে দেয়নি।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশ মিশনের অনুমতি সাপেক্ষে আন্দোলনকারীদের পাঁচজন প্রতিনিধিকে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তারা মিশনের কর্মকর্তাদের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান এবং চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। স্মারকলিপি পেশ করার পর বিক্ষোভকারীরা সেখানে আরও কিছু সময় অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং পরবর্তীতে এলাকা ত্যাগ করেন।