আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার জানান, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ১০ একর জায়গায় ডিপো তৈরির কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে সরিয়ে নেওয়া হবে। তিনি বলেন, ঝিলমিল প্রকল্পে ডিপোর জন্য ১০ একর জায়গা পাওয়া যাচ্ছে, যেখানে অস্থায়ীভাবে টার্মিনাল ও ডিপোর কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে, যেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হবে।

মোসলেহ্ উদ্দিন আহমদ আরও জানান, স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণ করা হলে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ট্রাক ও বাদামতলী আড়তের ট্রাকগুলোও সেখানে নিয়ে যাওয়া হবে। চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ডিএমপি কমিশনার হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সর্বোচ্চ তিন মাস সময় নিয়েছি। কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে ফুলবাড়িয়া ও গুলিস্তানের বাস সেখানে শিফট করা হবে। সেখানে একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্য দিয়ে পরিবহন চলবে। এই নিয়মের বাইরে কেউ সামান্যতম অনিয়ম করার চেষ্টা করলে অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।