প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজধানীর গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার ও জাতীয় গ্রিডে সরবরাহ করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, গত তিন দিনে প্রধানমন্ত্রী নিজ বাসভবনের ছাদে উৎপাদিত ১ হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেছেন এবং ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত করেছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে আয়োজিত এক পর্যালোচনায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সমবায় ভবনসহ দেশের সব জাতীয় ভবনের ছাদ ব্যবহারের মাধ্যমে নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি সরকারকে সৌরবিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াকে একটি ব্যবসায়িক উদ্যোগ হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, এলাকায় দরিদ্র মানুষের জন্য প্রতিটি ইউএনওর ঐচ্ছিক ফান্ড থাকা জরুরি। এখান থেকে দরিদ্রদের তাৎক্ষণিক ২ থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব। জনপ্রশাসন মন্ত্রণালয় যদি এই অর্থের জোগান দিতে না পারে, তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ নিশ্চিত করবে। এছাড়া বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী ইউএনওদের নির্দেশ দিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের শক্তি প্রয়োগ করতে হবে এবং সরকার এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সে বিষয়েও তিনি মাঠপর্যায়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপি সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে মীর শাহে আলম বলেন, স্বৈরাচারী আমলে সরকারি নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বর্তমান সরকার কাউকে ডামি নির্বাচন করতে বা দিনের ভোট রাতে করার মতো কোনো নির্দেশ দেবে না। মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এমপির ব্যক্তিগত কোনো দায় সরকার নেবে না।