ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চরাঞ্চলের ভূমিদস্যু ও চাঁদাবাজদের অত্যাচার ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বন্ধের দাবিতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় কৃষক ও ভূমি মালিকরা। 'চরাঞ্চলের ভূমি মালিকদের বঞ্চিত করা যাবে না, কৃষকের ফসল নিয়ে তৃতীয় পক্ষের মাতাব্বরি মানবো না'—এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে বোরহানউদ্দিনের খায়েরহাট বাজার সংলগ্ন খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
'ভূমি মালিক ও কৃষক ঐক্য পরিষদ, ভোলা'-এর উদ্যোগে আয়োজিত এই সমাবেশে চরাঞ্চলের বঞ্চিত, নির্যাতিত ভূমি মালিক ও সাধারণ কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন মোবাশ্বের উল্লাহ চৌধুরী। সভায় বক্তারা চরাঞ্চলের প্রান্তিক চাষীদের ওপর চলা অন্যায় অত্যাচার ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক নেতা ফরিদ আহম্মেদ তালুকদার, মোঃ আবদুর রহমান সবুজ, ইয়াছিন আলম বাবুল চৌধুরী, ফখরুল ইসলাম মীর, মাসুম বিল্লাহ মাতাব্বর, নাসির উদ্দিন তারেক ও ফখরুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা চরাঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বৈরাচারী শাসনের অবসানের লক্ষ্যে লাখ লাখ ছাত্র-জনতা চব্বিশের গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে অংশ নিয়েছিল। শত শত মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার মানুষ পঙ্গু ও আহত হয়েছে। কিন্তু এই রক্তক্ষয়ী আন্দোলনের পর দেশে সরকার পরিবর্তন হলেও চরাঞ্চলের সাধারণ কৃষক ও ভূমি মালিকদের ভাগ্য এখনো বদলায়নি।
কৃষক নেতারা আরও বলেন, তারা আশা করেছিলেন নতুন বাংলাদেশে জুলুম-নির্যাতন বন্ধ হবে, চরাঞ্চলের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত চিরতরে শেষ হবে। কিন্তু বাস্তবে এখনো প্রান্তিক চাষীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকদের অধিকার ও জমি রক্ষার স্বার্থে গঙ্গাপুর, কোড়ালিয়া, সাকুচিয়া, বালিয়া, বাগমারা, চর লতিফ, টেংড়ার চর ও শরীফাবাজসহ বিভিন্ন মৌজার ভূমি মালিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে খায়ের পাট হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। একই সঙ্গে চরাঞ্চলে চলমান চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং ফসলের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান আন্দোলনকারীরা।
বক্তারা বলেন, স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে লাখ লাখ ছাত্র-জনতা জীবন বাজি রেখে ২৪-এর গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল।