পটুয়াখালীর বাউফল থেকে ২৪ পিস ইয়াবাসহ অন্তর দাস (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার অন্তর দাস দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার জুয়েলারি পট্টি এলাকার কানাই দাসের ছেলে।
স্থানীয় তথ্য অনুযায়ী, অন্তর দাস বর্তমানে দশমিনা উপজেলা সদরের নলখোলা বাজার শ্রী শ্রী কালীমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি স্থানীয়ভাবে দৈনিক ‘প্রতিদিনের সংবাদ’ ও ‘এশিয়ান টেলিভিশন’-এর দশমিনা উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাশিপুর বাজারের পশ্চিম পাশের সড়কে অভিযান চালায়। এ সময় অন্তর দাসের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
এশিয়ান টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম তনু জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন এবং তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও মন্তব্য করেন, আইনের ঊর্ধ্বে কেউই নয়।
এদিকে, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার অন্তর দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। দশমিনা থানা সূত্রে জানা গেছে, এর আগেও অন্তর দাসের বিরুদ্ধে দশমিনা থানায় দায়ের করা একটি চুরি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছিল।