ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে তেহরান কোনোভাবেই ভীত নয়। তিনি জানান, সামরিক লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার প্রচেষ্টাও অব্যাহত রাখা হবে।

গালিবাফ বলেন, আমরা সামরিক ময়দানে সর্বশক্তি নিয়ে উপস্থিত আছি এবং প্রতিপক্ষকে নতুন নতুন চমক উপহার দিয়ে মোকাবিলা করা হবে। একই সঙ্গে সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন ও ইরানি জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য কূটনীতির হাতিয়ারও সমানভাবে ব্যবহার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, গত মাসে কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অবসানের শর্তাবলী সম্বলিত একটি তালিকা পাঠিয়েছে ইরান। ওই শর্তগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, জব্দ করা ইরানি তহবিল অবমুক্ত করা এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ তুলে নেওয়া। এছাড়া ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ, প্রতিপক্ষদের সঙ্গে সহযোগিতা স্থগিত এবং ইরানি ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা বন্ধের দাবিও জানানো হয়েছে ওই তালিকায়।