গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া এই গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবিটি শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। কিন্তু ছবিটি প্রকাশের পরপরই একটি পক্ষ এটিকে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে প্রচার শুরু করে, যার কড়া প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট এই রিসেপশনের আয়োজন করেছিলেন। হোয়াইট হাউস থেকেই সেই ছবি পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে তা জনসমক্ষে প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মূল ছবিটিকে বিতর্কিত করার জন্য এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি জুড়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

প্রেস উইংয়ের ভাষ্যমতে, অপপ্রচারে ব্যবহৃত ওই এআই-জেনারেটেড ছবিটিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। এই ভুয়া ছবিটিকে সত্য হিসেবে দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা প্রমাণের অপচেষ্টা চলছে।

উল্লেখ্য যে, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী বিশ্বস্ত মিডিয়া প্ল্যাটফর্ম Pamfleti.net গত ২ অক্টোবর তাদের একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ওই কথিত ছবিটি যাচাই-বাছাই করে সেটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড বলে নিশ্চিত করেছিল। সেই একই এআই-জেনারেটেড ছবিকে ব্যবহার করেই বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।