দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে দুই হাজার ৮৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ৫১৪ জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে এই সময়ে চট্টগ্রামে ৩২৪ জন, খুলনায় ৩৩০ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহীতে ২২৪ জন, ময়মনসিংহে ৯৯ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৬ হাজার ৪৫৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৮০ হাজার ৩৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছর সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি ৪৩ হাজার ৭৭৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে। ২০০০ সাল থেকে ডেঙ্গুর হিসাব রাখা শুরু হওয়ার পর ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।