দীর্ঘ ১০ বছরের দীর্ঘ সম্পর্কের পর দাম্পত্য জীবনের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী-গায়িকা শাহতাজ মনিরা হাশেম। গত রোববার সন্ধ্যায় শাহতাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে শাহতাজ জানিয়েছেন, এক দশক একসঙ্গে কাটানোর পর তারা নিজেদের সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করেছেন। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলোর প্রতি তারা কৃতজ্ঞ। তারা একে অপরের প্রতি এখনও যত্নশীল থাকলেও সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি অনুভব করায় আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিচ্ছেদের সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি, বরং দীর্ঘ সময় ধরে আলোচনার মাধ্যমে এবং একে অপরের প্রতি সর্বোচ্চ সম্মান বজায় রেখেই এই পথে এসেছেন তারা।

পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন নিয়েই জীবনের পরবর্তী অধ্যায়ে পা রাখছেন এই তারকা দম্পতি। ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তারা জানিয়েছেন। জীবনের এই পরিবর্তনের সন্ধিক্ষণে বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও সহমর্মিতা কামনা করেছেন তারা। বিবৃতির শেষাংশে সবার বোঝাপড়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রীতম ও শাহতাজ।

২০১৭ সালে প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার সুবাদে প্রীতম ও শাহতাজের পরিচয় ও ভালোলাগা শুরু হয়। প্রায় পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের আগের দিন অর্থাৎ ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচতারকা হোটেল ও চা-বাগানের উন্মুক্ত মঞ্চে তাদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। দীর্ঘ প্রেম ও দাম্পত্যের পর এবার পারস্পরিক সমঝোতায় তারা আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন।