দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আয়োজিত প্রস্তুতি ম্যাচে শুরুটা দারুণ করলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ওপেনিং জুটির দৃঢ়তায় স্কোরবোর্ডে দ্রুত রান উঠলেও মাঝের ওভারে ব্যাটিং ধসের কবলে পড়ে সফরকারীরা। বিনা উইকেটে ১০৮ রান তোলার পর মাত্র ৭৪ রানের ব্যবধানে ৬টি উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ২৩৪ রানে গুটিয়ে যায়।

বাংলাদেশের ইনিংসে সৌম্য সরকার সর্বোচ্চ ৫৭ রান সংগ্রহ করেন। এছাড়া মুমিনুল হক ৬৩ বলে ৩৩ রান এবং লোয়ার অর্ডারে নাঈম হাসান ৩৬ ও তাইজুল ইসলাম ১৬ রান করেন। দলের হয়ে মুশফিকুর রহিম ৪ রান, জাকের আলী ৮ রান এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৮ রান করে সাজঘরে ফেরেন। আরব আমিরাতের বোলারদের মধ্যে জুনাইদ ৩টি এবং উসাইদ ও হায়দার আলী ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে আরব আমিরাতও শুরুতেই চাপে পড়ে। দলীয় ২৪ রানে খালেদ আহমেদের বলে উইকেট হারায় স্বাগতিকরা। দিনের খেলা শেষে আরব আমিরাতের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। তারা এখনো বাংলাদেশের চেয়ে ২০০ রানে পিছিয়ে রয়েছে।