গত জুন মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। রোববার (৪ অক্টোবর) নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পিকার ঘালিবাফ বলেন, মার্কিন কর্তৃপক্ষ গণমাধ্যমের সামনে এক ধরনের কথা বললেও পর্দার আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠাচ্ছে। তবে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেন, ইরানের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং এক্ষেত্রে একপাক্ষিক দাবি মেনে নেওয়ার বা প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ। জুনে ইসলামাবাদ সমঝোতা স্মারকে যেসব শর্ত নির্ধারিত হয়েছিল, সেগুলো পূর্ণ করাই হরমুজ প্রণালি খোলার একমাত্র উপায়।

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে ইরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র যদি সেই প্রস্তাব গ্রহণ করে, তবে সাতদিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে। তিনি বিদেশী দূতদের কাছে দাবি করেন, ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে এবং এখন তা মানার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

আরাঘচি আরও বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা পুনরায় সামরিক সমাধানের দিকে অগ্রসর হয়, তবে ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত রয়েছে এবং নিজেদের সুরক্ষায় যা যা করার প্রয়োজন তা-ই করবে।