নওগাঁর মহাদেবপুরে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী পরেশ চন্দ্র বর্মন (৫৮) গুরুতর আহত হয়েছেন।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ভ্যানচালক হীরেন চন্দ্র বর্মন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। পথে নজিপুরের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী দুজনেই সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।