রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’-এর আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন আদেশ দেন। সোমবার ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রিমান্ড শেষে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ড শেষে রোববার মহিউদ্দিনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ পরিদর্শক জেহাদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ২৮ অক্টোবর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করে আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ওই সময় প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা ব্যবহার করে ব্যাপক ভাঙচুর চালায়। একপর্যায়ে হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ঢুকেও ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার পরদিন প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করেন।