প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে কূটনৈতিক চ্যানেলে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা হচ্ছে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো ইতিবাচকভাবে মোকাবিলা করা সম্ভব হলে এ বিষয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সফরের পরিবেশ তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংলাপের পাশাপাশি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা প্রয়োজন, যা বর্তমানে দুই দেশের মধ্যে কার্যকর রয়েছে।
সফরকে কেন্দ্র করে শীর্ষ পর্যায়ের সংলাপের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ই শীর্ষ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। তবে তার আগে সরকারি ও কর্মকর্তা পর্যায়ে আলোচনা চালিয়ে সফরের জন্য প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরি করতে হবে।
আগামী অক্টোবরে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। বাংলাদেশের অবস্থান এবং এ বিষয়ে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপগুলো যথাসময়ে স্পষ্ট করা হবে।
নভেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন—ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের খবর বাংলাদেশ থেকেই নিতে হবে।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তিনি নিজেই এ বিষয়ে ব্রিফিং করবেন এবং সাংবাদিকরাই সবার আগে সফরসংক্রান্ত তথ্য জানতে পারবেন। সফরের সময় সম্পর্কে কোনো ইঙ্গিত রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের জন্য যা ভালো, জাতীয় স্বার্থের জন্য যা ভালো, সরকার সেই পথেই এগোবে।