ইউক্রেনের প্রতি ফ্রান্সের অটল সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই নিশ্চয়তা দেন। ম্যাক্রোঁ জানান, বিশেষ করে রুশ ড্রোন হামলা মোকাবিলায় কিয়েভকে সব ধরনের বাস্তবসম্মত সহায়তা প্রদানে কাজ করবে প্যারিস।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ উল্লেখ করেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার লড়াইয়ে ইউক্রেনের পাশে ফ্রান্সের সংহতি ও পূর্ণ সমর্থন রয়েছে। দুই নেতা আলোচনার সময় রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ডের কার্যকর জবাব দেওয়ার উপায়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছেন।
ম্যাক্রোঁ অভিযোগ করেন যে, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে চলেছে। এর পরিবর্তে মস্কো বেসামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা আরও জোরদার করেছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিগুলোর সরাসরি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেন।
ফরাসি প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানান, ইউক্রেনকে সমর্থন দেওয়ার দায়িত্ব ফ্রান্স ও ইউরোপ বহন করে চলবে। সংঘাত হ্রাসের চেষ্টা এবং ন্যায্য ও স্থায়ী শান্তির ধারণাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রতিটি সুযোগ তারা কাজে লাগাবে। রাশিয়ার প্রতি কড়া বার্তা দিয়ে ম্যাক্রোঁ বলেন, মস্কোর কোনো ধরনের ভয় দেখানো বা উত্তেজনা বৃদ্ধির কৌশল তারা মেনে নেবেন না। রাশিয়ার এই ভুল ধারণা পোষণ করা উচিত নয় যে সময় তাদের পক্ষে কাজ করছে।