কুড়িগ্রামের উলিপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেল ও শটগানের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তারা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন (৩৫) এবং একই এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে খাজা আব্দুল আলীম (৩৯)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আহতরা জানিয়েছেন যে গত রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভারতের আসাম রাজ্যের নারায়ণপুর স্থলবন্দর দিয়ে গরু পারাপার করছিলেন তারা। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক মনে করে ককটেল ও শটগানের গুলি ছোড়েন। এতে দুজন গুরুতর আহত হন। আহতদের দাবি, ঘটনার পর বিএসএফ সদস্যরা তাদের একটি অজ্ঞাত চর এলাকায় ফেলে রেখে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার যাত্রাপুর-আইলমারী সীমান্ত এলাকার বাসিন্দারা আহত ইসমাইল হোসেন ও খাজা আব্দুল আলীমকে উদ্ধার করেন। পরে তাদের গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা বর্তমানে হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে।