বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষার জন্য জরুরি ভিত্তিতে সংস্কারের আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এই তাগিদ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন বছর ধরে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমাগত শ্লথ হচ্ছে। একইসঙ্গে দারিদ্র্য বৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাতের দুর্বলতা, রাজস্ব সংগ্রহের ঘাটতি এবং বেসরকারি বিনিয়োগের মন্দার মতো চ্যালেঞ্জগুলো অর্থনীতিকে সংকটের মুখে ফেলেছে।
বিশ্বব্যাংকের মতে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে সৃষ্ট বৈশ্বিক অনিশ্চয়তা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও হ্রাস পেয়ে ৩.৯ শতাংশে নেমে আসতে পারে।
তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের নির্বাচনের পর দেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দ্রুত কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হলে বাংলাদেশের অর্থনীতি পুনরায় শক্তিশালী পুনরুদ্ধারের ধারায় ফিরে আসতে সক্ষম হবে।