এলপিজির মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকার এলপিজির মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে। তবে নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সে বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অনিয়ম ও অবৈধ মজুতের বিরুদ্ধে জরিমানা জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে জাহেদ উর রহমান আরও জানান, ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি এসে পৌঁছেছে। এছাড়া মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ভিজিএফ কার্যক্রমের আওতায় চালের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। আগে এই কর্মসূচির আওতায় ১০ কেজি চাল দেওয়া হলেও এখন থেকে ২০ কেজি চাল দেওয়া হবে।