পাবনার বেড়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সুপ্রভাত মদক নামে এক হিন্দু ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি হলুদের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুপ্রভাত মদক ওই এলাকার বাসিন্দা সত্য চন্দ্র মদকের ছেলে এবং তিনি স্থানীয় কাশীনাথপুরের দাদাভাই খবার হোটেলের ব্যবসা করতেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে সুপ্রভাত কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে যান। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকেন। কোথাও সন্ধান না পাওয়ায় তারা আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সুপ্রভাতের মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া গেলেও একাধিকবার কল করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে তার নম্বর থেকে ফোন এলেও সঠিক অবস্থান নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পেছনের হলুদের ক্ষেতে সুপ্রভাতের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।