কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য ইতিমধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
অনুসন্ধান চলাকালীন গোপন সূত্রে তথ্য পাওয়া যায় যে, অভিযুক্ত মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের বিদেশে পালিয়ে যাওয়ার বিষয়টি অনুসন্ধান কাজকে দীর্ঘায়িত ও ব্যাহত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দুদক। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আদেশ দেন।