রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পোশাককর্মী সায়মনকে ছিনতাইয়ের পর হত্যার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইউসুফ, ইকবাল খাঁ ও মেহেদী হাসান। আদালতের রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। একই মামলায় সুজন নামের আরেকজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী সোহেল মিয়া জানান, রায় ঘোষণার সময় ইউসুফ, ইকবাল ও মেহেদী আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তবে সুজন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১১ অক্টোবর রাতে মিরপুর-১ থেকে বাসায় ফেরার পথে সায়মনকে ভয়ভীতি দেখিয়ে রিকশায় করে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় নিয়ে যায় ছিনতাইকারীরা। সেখানে তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সায়মন মিরপুর-১-এর একটি গার্মেন্টসে ১০ হাজার টাকা বেতনে কাজ করতেন। ঘটনার দিন তিনি বেতন তুলে দুই সহকর্মীর সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন। এ ঘটনায় সায়মনের বাবা শাজাহান শেখ দারুস সালাম থানায় মামলাটি দায়ের করেন।
তদন্ত পর্যায়ে ইউসুফ গ্রেপ্তার হওয়ার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইকবাল ও মেহেদীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে সায়মনের মোবাইল বিক্রির টাকা উদ্ধার করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে ছিনতাইয়ের পর হত্যার অভিযোগে এবং সুজনের বিরুদ্ধে চোরাই মাল রাখার অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৩ সালের ২ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।