রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে খুব দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এই নীতিমালার আলোকে প্রধান সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে যত্রতত্র চলাচল করছে, যা নগরীর স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। তবে সরকার কাউকে ক্ষতিগ্রস্ত না করে একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে এই অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে চায়।

দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত চালকদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, বৃহত্তর স্বার্থে সবাইকে একমত হতে হবে। তিনি আরও বলেন, ঢাকার পরিবহনব্যবস্থাকে কোনো গোষ্ঠীর স্বার্থে অচল হতে দেওয়া হবে না।

এদিকে, এই রিকশা চলাচল ও ডাম্পিংয়ের প্রতিবাদে সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন চালকরা। তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী মালিক ও শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করা হবে। এছাড়া রিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে বিদ্যুৎ অফিস ঘেরাও করারও ঘোষণা দেন তারা। তাদের দাবি, রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিটের আওতায় আনতে হবে এবং বৈধ মালিকদের গাড়ি যাচাই করে ব্যবসার সুযোগ দিতে হবে।

একই অনুষ্ঠানে মন্ত্রী ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানান, লেকের খনন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় একটি 'নজরুল মঞ্চ' নির্মাণ করা হবে, যেখানে লাইব্রেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে।