বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে মাঠে উপস্থিত দর্শকদের সামনে নিজের বিদায়ী বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে পড়েন এই বিশ্বকাপজয়ী তারকা।
বক্তৃতার শুরুতে মেসি তার বাবার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সি পরতে পারা তার জন্য ছিল পরম সম্মানের। কঠিন সময়েও লড়াই থামাননি এবং কখনো নিজের সর্বস্ব দিতে কার্পণ্য করেননি বলে জানান তিনি। জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু নেই উল্লেখ করে মেসি বলেন, এই মাঠ ছেড়ে যেতে তার মন চাইছে না, তবে বিদায় বলার এটাই সঠিক সময়।
শেষ বিশ্বকাপের স্মৃতিচারণ করতে গিয়ে মেসি জানান, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শারীরিক ও মানসিকভাবে তাদের নিঃশেষ করে দিয়েছিল, তবুও তারা হাল ছাড়েননি। তিনি তার সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নসহ সব বড় অর্জনেই সতীর্থরা তাকে সাহায্য করেছে। মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের সাথে সময় কাটানো তার জন্য বিশাল সম্মানের ছিল।
দর্শক ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, তিনি যেখানেই খেলেছেন, স্টেডিয়াম ছিল পরিপূর্ণ এবং মানুষ তাদের অসাধারণ ভালোবাসা দিয়েছে। বিশ্বকাপ জেতার পর এই মাঠে ফেরার দিনটিকে তিনি ক্যারিয়ারের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এখন থেকে তিনি জাতীয় দলের একজন সমর্থক হিসেবে গ্যালারিতে থাকবেন। দলের কঠিন সময়ে সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মেসি বলেন, বড় লক্ষ্য অর্জনে শক্তিশালী দলের কোনো বিকল্প নেই। নিজের আর্জেন্টাইন পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করে মেসি শেষবারের মতো সবাইকে ধন্যবাদ জানান এবং বিদায় নেন।