নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসায়ীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জাহাঙ্গীর আলম স্থানীয় বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অফিস সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভুক্তভোগী নারীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী নলডাঙ্গা থানার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন "নয়ন খাবার হোটেল"-এর স্বত্বাধিকারী। তিনি দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীর আলমের কাছ থেকে বিভিন্ন কুপ্রস্তাব ও যৌন হয়রানির শিকার হয়ে আসছিলেন। ঘটনার দিন গত রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করার সময় জাহাঙ্গীর পেছন থেকে এসে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। এ সময় নারীটি বাধা দিলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগীর স্বামী ও স্বজনরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে গিয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় জাহাঙ্গীর আলম তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হোটেল উচ্ছেদসহ বিভিন্ন ধরনের হুমকি দেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা তাৎক্ষণিকভাবে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এজাহারের ভিত্তিতে মামলা রুজু করার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।