প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি থাকবে। তবে এই ছুটির দিনগুলো সমন্বয়ের সুবিধার্থে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।

প্রজ্ঞাপনে জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্টদের এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা। এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসাকর্মী এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহকেও এই ছুটির আওতা বহির্ভূত রাখা হয়েছে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া আদালতের কার্যক্রমের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।