প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম। উপজেলা পরিষদ সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের পরবর্তী ১৪ দিনের মধ্যে সরকারের কাছে জমা দেওয়ার কঠোর নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেলের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারা অনুযায়ী পরিষদের প্রতিটি সভার কার্যবিবরণীর একটি অনুলিপি সভা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের কাছে পাঠানো বাধ্যতামূলক।

চিঠিতে আরও বলা হয়েছে, নথি পর্যালোচনায় দেখা গেছে যে, অধিকাংশ উপজেলা পরিষদ থেকে নিয়ম অনুযায়ী নিয়মিত কার্যবিবরণী পাঠানো হচ্ছে না। এর ফলে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম, বিশেষ করে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপন, ডেঙ্গু প্রতিরোধ এবং সামগ্রিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা সম্ভব হচ্ছে না।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কার্যবিবরণীতে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমসহ পরিষদের ন্যস্ত বিভাগগুলোর সামগ্রিক উন্নয়নের চিত্র স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া অগ্রাধিকারমূলক কাজের ক্ষেত্রে রঙিন প্রিন্টে সচিত্র প্রমাণক সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কাজের ক্ষেত্রে কাজের আগে ও পরের পরিস্থিতির তুলনামূলক চিত্র পাশাপাশি স্থাপন করে পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত ই-মেইল ঠিকানায় নিয়মিত কার্যবিবরণী পাঠানোর পাশাপাশি এর হার্ডকপি সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।