ভোলার লালমোহন পৌরসভায় শহর সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পৌরসভার সভা কক্ষে আয়োজিত এই সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, পানি নিষ্কাশন সমস্যার সমাধান এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া সড়কবাতি স্থাপন, জনসাধারণের চলাচলের সুবিধা বৃদ্ধি এবং সামগ্রিক নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, একটি পরিকল্পিত ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, নাগরিক সমাজ এবং স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নাগরিকদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেওয়া হয়।

সভায় লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন, প্রধান সহকারী মো. শাখাওয়াত হোসেন ও হিসাব রক্ষক আব্দুল গণি উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং শহর সমন্বয় কমিটির সদস্যরা সভায় অংশ নেন।