ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে বুধবার লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস এমপি প্রিয়াঙ্কা গান্ধী যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন। তবে দিল্লি পুলিশ তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দিয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার পর ইন্ডিয়া জোটের এমপিরা যন্তর মন্তরে গিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে যোগ দিতে যাওয়ার পথেই পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কাকে আটকে দেয়।
এর আগে মঙ্গলবারও একই দাবিতে নির্বাচন কমিশনের অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। পথে পুলিশ তাদের আটকে দিলে তারা প্রায় নয় ঘণ্টা আকাশবাণী ভবন চত্বরে অবস্থান করেন। পুলিশ তাদের অবস্থান কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে যেতে বললেও রাহুল ও প্রিয়াঙ্কা অবস্থানে অনড় থাকেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাদানুবাদ হয় এবং রাহুল গান্ধীকে আটক করে দিল্লি পুলিশ। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।