বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। বুধবার জাদুঘরটি ঘুরে দেখার পর তিনি এর সংগ্রহে থাকা গুরুত্বপূর্ণ নথি ও স্মারকগুলোর প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন যে, এই সংগ্রহগুলো ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর অকাট্য সাক্ষ্য বহন করছে।
পরিদর্শনকালে ইউনেস্কো বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রধান নরিহিদি ফুরুকাওয়া এবং সংস্কৃতি প্রধান কিযী তাহনিন তার সঙ্গে ছিলেন। জুলাই জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহ্মুদ প্রতিনিধি দলকে স্বাগত জানান।
জাদুঘরের গ্যালারিগুলো ঘুরে দেখার সময় ড. সুসান ভাইজ বলেন, জুলাই-আগস্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে এই দলিলগুলো সঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন।
জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহ্মুদের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষা, গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। মহাপরিচালক এহ্সান মাহ্মুদ জানান, তারা জুলাই জাদুঘরকে কেবল পরিদর্শনের জায়গা হিসেবেই নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা এবং গবেষণার একটি ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চান। এই লক্ষ্যে ইউনেস্কোর সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।