ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিমানের আধুনিকায়ন অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, নতুন প্রজন্মের এই বিমানগুলো বাংলাদেশের এভিয়েশন খাতকে বিশ্বমানের সঙ্গে সামঞ্জস্য রেখে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বিমানমন্ত্রী জোর দিয়ে বলেন যে, কেবল আধুনিক উড়োজাহাজ দিয়েই একটি এয়ারলাইন্সের সাফল্য নিশ্চিত করা সম্ভব নয়। বিমানের ভবিষ্যৎ মূলত পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা এবং দায়িত্ববোধের ওপর নির্ভর করে। তিনি নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তার মতে, সম্মিলিত প্রচেষ্টায় বিমানকে একটি শক্তিশালী, প্রতিযোগিতামূলক এবং মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করতে হবে, যা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য গর্বের উৎস হবে।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।