সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ভয়াবহ হামলা চালিয়েছে। দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ৬ ও ৭ অক্টোবর চালানো এই অতর্কিত হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে জানায়নি কোন বিমানবন্দরে কোনদিন হামলা হয়েছে।

বিবৃতি অনুযায়ী, দক্ষিণাঞ্চলীয় শহর আবহার আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় দুই নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। এই হামলায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

অন্যদিকে, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহতদের মধ্যে সৌদি আরব, পাকিস্তান এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ হতাহতদের জাতীয়তা ও পরিচয় সম্পর্কে প্রাথমিক তথ্য দিলেও হামলায় ব্যবহৃত অস্ত্র বা হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।