নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রূপগঞ্জের ওই স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন— সজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে সজিব সরকারের শরীরের ৭০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

চিকিৎসক আরও জানান, বাকিদের মধ্যে রুবেল আহমেদের শরীরের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক তত্ত্বাবধানের প্রক্রিয়া চলমান রয়েছে।