বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার নোবেল জয়ের দৌড়ে এবার কানাডার কবি অ্যান কারসন এবং চীনের নিরীক্ষাধর্মী লেখক কান শুয়ে এগিয়ে রয়েছেন। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বছরের নোবেল বিজয়ী সাহিত্যিকের নাম ঘোষণা করা হবে। বাজিকর প্রতিষ্ঠান ল্যাডব্রোকসের হিসাব অনুযায়ী, এই দুই লেখকেরই পুরস্কার জয়ের সম্ভাবনা ১০-১ ব্যবধানে রয়েছে। এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ৯ লাখ পাউন্ডের সমান।
৭৬ বছর বয়সী অ্যান কারসন কবিতা ও গদ্যের মিশ্রণ এবং প্রাচীন পুরাণের সঙ্গে সমসাময়িক গল্পের সমন্বয়ের জন্য সুপরিচিত। তার ১৯৯৮ সালে প্রকাশিত পদ্য উপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’ বেশ আলোচিত। এতে গ্রিক পুরাণের বীর হেরাক্লিসকে ঘিরে রচিত কবিতাকে নতুন আঙ্গিকে উপস্থাপন করে একজন সমকামী তরুণের বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, ৭৩ বছর বয়সী চীনা লেখক কান শুয়ে, যার প্রকৃত নাম দেং শিয়াওহুয়া, বেশ কয়েক বছর ধরেই নোবেল পুরস্কারের সম্ভাব্য বিজয়ীদের তালিকায় রয়েছেন। তিনি ‘লাভ ইন দ্য নিউ মিলেনিয়াম’ উপন্যাস এবং ‘আই লিভ ইন দ্য স্লামস’ ছোটগল্প সংকলনের জন্য দুইবার আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
ল্যাডব্রোকসের বাজি ধরার তালিকায় কারসন ও কান শুয়ের পরেই ১৪-১ ব্যবধানে রয়েছেন জাপানি লেখক হারুকি মুরাকামি। এছাড়া ১৬-১ ব্যবধানে তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার নিরীক্ষাধর্মী লেখক জেরাল্ড মুরনেন এবং যুক্তরাষ্ট্রের উত্তরাধুনিক ঔপন্যাসিক টমাস পিনচন।
তালিকায় ২০-১ ব্যবধানে সাতজন লেখক রয়েছেন। তারা হলেন মার্গারেট অ্যাটউড, ক্রিস্তিনা রিভেরা গারসা, এনরিকে ভিলা-মাতাস, জামাইকা কিনকেইড, লিদিয়া জর্জ, লিউদমিলা উলিৎস্কায়া ও মিশেল ওয়েলবেক। এদের মধ্যে কানাডার ঔপন্যাসিক মার্গারেট অ্যাটউড ‘দ্য হ্যান্ডমেইডস টেল’-এর জন্য এবং মেক্সিকোর ক্রিস্তিনা রিভেরা গারসা ২০২৪ সালে তার বোনকে নিয়ে লেখা স্মৃতিকথা ‘লিলিয়ানাস ইনভিনসিবল সামার’-এর জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন। স্পেনের এনরিকে ভিলা-মাতাসও তার উত্তরাধুনিক উপন্যাস ‘ম্যাক অ্যান্ড হিজ প্রবলেম’-এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিলেন।
স্পেনের অন্যতম আলোচিত ঔপন্যাসিক এনরিকে ভিলা-মাতাস। তার লেখায় কথাসাহিত্য ও প্রবন্ধের মিশ্রণ দেখা যায়। ২০২০ সালে তার উত্তরাধুনিক উপন্যাস ‘ম্যাক অ্যান্ড হিজ প্রবলেম’ আন্তর্জাতিক বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিল।