ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কলম্বিয়ার রাজধানী বোগোটায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বুধবার আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধেও তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভটি শুরু হয় ইসরাইলি দূতাবাসের সামনে থেকে। আন্দোলনকারীরা দেশটির বর্তমান কট্টর ডানপন্থি সরকারের ইসরাইল-নীতি এবং জেরুজালেমে নতুন করে কলম্বিয়ান দূতাবাস খোলার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। বিশেষ করে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার নেওয়া সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে তারা রাজপথে নেমে আসেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার তিন বছর পূর্তিকে কেন্দ্র করে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ওই হামলার পর থেকেই ইসরাইল গাজায় সামরিক অভিযান পরিচালনা করছে। বিক্ষোভে অংশ নেওয়া নিকোলাস ইসাজা আল-জাজিরাকে বলেন, 'ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় বার্তাটি ছিল এমন যে, আমরা তাদের নৃশংসতার সঙ্গে জড়িত কোনো দেশ হব না। কিন্তু আজ আমাদের সরকার ফিলিস্তিনে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে আর কোনো অবস্থান নিচ্ছে না।'

আগস্ট মাসে দায়িত্ব গ্রহণকারী প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এই সম্পর্ককে কাজে লাগানো হবে। এরই ধারাবাহিকতায়, সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে ছিন্ন হওয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছে বর্তমান সরকার। উল্লেখ্য, পেত্রো গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কঠোর সমালোচক ছিলেন এবং তার শাসনামলে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি অস্ত্র আমদানিও বন্ধ করে দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই নতুন সরকার অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের দাবিকেও স্বীকৃতি দেয়।