‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরগুনায়ও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বরগুনা সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং বরগুনার সহযোগিতায় আয়োজিত এই র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিশ্ব দৃষ্টি দিবসের গুরুত্ব ও চোখের যত্ন বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুণাভ চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্বয়ক তুহিন আলম, ইসলামী চক্ষু হাসপাতালের পরিচালক মো. আবু জাফর, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার রাজ্জাক শেখ, সাংবাদিক শাহ আলী ও সাংবাদিক জাহিদুল ইসলাম মেহেদীসহ সংশ্লিষ্টরা। সভায় বক্তারা বলেন, মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখের বিভিন্ন সমস্যা শুরুতেই শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা গেলে অনেক ক্ষেত্রেই দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। এজন্য তারা নিয়মিত চোখ পরীক্ষা এবং চোখের প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বরগুনা টাউনহলে ইসলামী চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে ছানি আক্রান্ত ৫০ জন রোগীকে অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসার এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।